Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নাইজেরিয়ায় জনাকীর্ণ বাজারে বিমান হামলা, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬ ২০:০৩ | আপডেট: ১২ মে ২০২৬ ২১:৪৭

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ ও তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ মে) জুরমি জেলার প্রত্যন্ত তুমফা বাজারে এ হামলা চালানো হয়। উত্তর নাইজেরিয়ায় এক মাসের মধ্যে জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় ধরনের বিমান হামলার ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানায়, দুপুরের দিকে সামরিক যুদ্ধবিমানগুলো এলাকাটির আকাশে চক্কর দেয়। প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে ব্যস্ত বাজারে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, হামলায় আহত বহু মানুষকে জুরমি ও পাশের শিনকাফি এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও কিশোরীও রয়েছে।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নাইজেরিয়ার সামরিক বাহিনী। তবে অতীতে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছিল, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল জঙ্গি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর আগে গত এপ্রিলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিল্লি এলাকার একটি সাপ্তাহিক বাজারে বিমান হামলায় প্রায় ২০০ বেসামরিক মানুষ নিহত হয়। ওই ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছিল দেশটির সামরিক বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

বর্তমানে নাইজেরিয়ার সামরিক বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলে দস্যু গোষ্ঠী এবং উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘ ১৭ বছরের ইসলামপন্থি বিদ্রোহ মোকাবিলায় অভিযান চালাচ্ছে।

গত বছরের বড়দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় কথিত ইসলামপন্থি ঘাঁটিতে হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়া সরকারকে দেশটিতে খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‌‘মানবাধিকার লঙ্ঘনের এই ধারা এখন উদ্বেগজনকভাবে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। গ্রামবাসীরা একদিকে সশস্ত্র গোষ্ঠী ও দস্যুদের হামলার শিকার হচ্ছে, অন্যদিকে সামরিক বাহিনীর অভিযানেও প্রাণ হারাচ্ছে।’ সংস্থাটি আরও বলেছে, এ ধরনের বিমান হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি এবং বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর