Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলি, আরও ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

ঢাকা: রাজধানীর কাফরুলে একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করার পর গুলি করার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)।

এন এম নাসিরুদ্দিন বলেন, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস এর অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জন দুষ্কৃতকারী বে-আইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী প্যান্টের কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেওয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়।

তিনি বলেন, মামলার পর কাফরুল থানা পুলিশ সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মিরপুর-১৩ এলাকায় অভিযান চালিয়ে জড়িত রাসেল মোল্লাকে ও ওইদিন রাত ১০টায় সাভার থেকে রুমান তালুকদারকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে।
গ্রেফতার রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর