Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২৩:০৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২৩:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা: কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান এবং ফেসবুক লাইভে এসে পুলিশের নামে অপপ্রচার ও পুলিশ সার্জেন্টকে হুমকির অভিযোগে সাগর হালদার নামের এক যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গত ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ট্রাফিক সার্জেন্ট মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি গাড়িকে থামার সিগন্যাল দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে এবং কাগজপত্র হালনাগাদ করার জন্য সে ব্যাংকে টাকা জমা দিয়েছে। সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, তার দাবিটি সঠিক নয়। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ তার কাছে পাওনার পরিমাণ ১ লাখ ২ হাজার ৫১৯ টাকা। মিথ্যা তথ্য প্রদান ও দীর্ঘদিনের বকেয়া থাকায় সার্জেন্ট সড়ক পরিবহণ আইনে একটি মামলা দেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “মামলা দেওয়ার পর সাগর হালদার উগ্র আচরণ শুরু করেন। তিনি নিজেকে ‘হালদার গ্রুপ’-এর চেয়ারম্যান দাবি করে দম্ভোক্তি প্রকাশ করে এবং সাধারণ মানুষ জড়ো করে মব সৃষ্টি করে। ঘটনা শেষে সাগর হালদার ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের মিথ্যাচার করে এবং সার্জেন্টকে হুমকি দেয়। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর