Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৫:০৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৮:৩৭

চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা

চট্টগ্রাম: ৩ দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

তাদের অভিযোগ, পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, ‘আমাদের দাবিগুলো সুনির্দিষ্ট। আমরা শুধু একটি বোর্ড নয়, দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত চাই। প্রশ্নপত্রে ভুলের সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া বন্যার পানিতে অনেক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র নষ্ট হয়ে গেছে। সেগুলো দ্রুত নতুন করে দিতে হবে।’

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক স্বপন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বন্যা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে বোর্ডের চেয়ারম্যান বর্তমানে ঢাকায় রয়েছেন। প্রশ্নপত্রে ভুলের অভিযোগের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সিদ্ধান্ত নেবে। আর বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের জন্য পরীক্ষার্থীরা বোর্ডে আবেদন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর