Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৩:৫৫

মোহাম্মদ আজিজুল হক।

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিজুল হক বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাছি মিয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলি মেচামুড়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে আছারতলি এলাকায় একটি বিয়ের বাড়ির বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে আজিজুল হক বন্যহাতির কবলে পড়েন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন জানান, নিহত ব্যক্তি পেশায় একজন দিনমজুর। নিজ বাড়ির পাশেই তিনি বন্যহাতির আক্রমণের শিকার হন। বিষয়টি এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর