Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৩:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৫:২৮

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বিরতি চলে। এ সময় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম সীমিত পরিসরে চলেছে, যার ফলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে এক্স-রে ও সিটি স্ক্যান সীমিতভাবে চালু থাকলেও, বহির্বিভাগের রেডিওলোজি বিভাগ বন্ধ ছিল। বিনামূল্যে ঔষধ বিতরণের জন্য নির্ধারিত মেডিসিন স্টোরে রোগীদের ভিড় দেখা গেছে।

নাসিমা আক্তার (৪৫) নামে এক রোগী জানান, সকাল ৯টা থেকে ওষুধের জন্য অপেক্ষা করছেন, তবে এখনও পাননি।

বিজ্ঞাপন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু বলেন, ‘আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসনে প্রক্রিয়াধীন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। এর আগে অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে অর্ধ-দিবস ও পূর্ণ-কর্মদিবস কর্মসূচি অব্যাহত থাকবে।’

বাংলাদেশ ফার্মাসিস্ট এসোসিয়েশনের মহাসচিব সিকদার মো. জসিম উদ্দিন বলেন, ‘করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করছি, তবুও ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন করা হবে।’

উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সহসভাপতি মো. রুহুল আমিন ও অন্যান্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর