Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যশোরে ১৫ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৭:৫৬

বৃক্ষমেলার উদ্বোধন।

যশোর: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের টাউন হল ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সামাজিক বনবিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মণ্ডলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলায় আগত দর্শনার্থীদের গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে মহাপরিকল্পনা ও কর্মসূচি রয়েছে, তারই অংশ হিসেবে যশোর জেলায় ১৫ লাখ গাছ লাগানো হবে। শুধু ফলের গাছ লাগিয়ে পুষ্টি ও ফলের চাহিদাই পূরণ করা নয়, বরং গাছ লাগানোর পর তা সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলাও আমাদের দায়িত্ব।’

জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের যৌথ উদ্যোগে এই মেলাতে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছের সমাহার নিয়ে মোট ৩১টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর