Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুবলীগ নেতার কারখানা থেকে দেড় কোটি টাকার সিগারেট তৈরির মেশিন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২২:৫০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১১:৫৫

সিগারেট তৈরির মেশিন।

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন একটি সিগারেট কারখানা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির একটি মেশিন উদ্ধার করেছে পুলিশ। আদালতের জারি করা তল্লাশি পরোয়ানার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানার তালা ভেঙে মেশিনটি উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে মোড়েলগঞ্জের ‘ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজ’ থেকে মেশিনটি উদ্ধার করে পুলিশ।

এর আগে ‘গ্রিন টোব্যাকো লিমিটেড’-এর মালিক ও বিএনপি নেতা সোমনাথ দে তার কারখানা থেকে সিগারেট তৈরির একটি মূল্যবান মেশিন চুরির অভিযোগে বাগেরহাটের ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তল্লাশি পরোয়ানা জারি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।

বিজ্ঞাপন

সোমনাথ দে বলেন, ‘জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে তার ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রিন টোব্যাকো থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির মেশিনটি চুরি করে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের কারখানা ক্রাউন টোব্যাকোতে নিয়ে স্থাপন করেন। দীর্ঘ প্রায় দুই বছর পর কারখানার শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আদালতে অভিযোগ দায়ের করি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, ‘বাগেরহাটের মোরেলগঞ্জে সানকিভাঙ্গা গ্রামে গিয়ে সোমনাথ দে তার মেশিন শনাক্ত করেছেন। সেটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে আদালতের হেফাজতে সোপর্দ করা হয়েছে।’

এদিকে নকল ডার্বি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর