Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৮:২২ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৯:২২

পলাশ থানা, নরসিংদী। ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি কানে কামড় দিয়ে যখম করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে যখম রয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ‘ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে দীর্ঘ ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন লোক কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা ‘কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম’ তা বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করে। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর