Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৮:২৫

লক্ষ্মীপুর: গত অর্থবছরের তুলনায় ১৬ কোটি টাকা কমিয়ে এবার লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। এতে সমাপনী উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রস্তাবিত বাজেটের মোট আয়ের মধ্যে রাজস্ব খাতে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২০ কোটি ২০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি (আগের বছরের অবশিষ্টাংশ) রয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নাগরিকদের আন্তরিক সহযোগিতায় লক্ষ্মীপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রসঙ্গত, গত ২০২৫-২০২৬ অর্থবছরে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই তুলনায় এবারের বাজেট গতবারের চেয়ে ১৬ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৪২ টাকা কম।

সারাবাংলা/এসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর