Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল, সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৬ ২১:৪৫ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২৩:৫৬

মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক রুহুল আমিন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যমে মদ্যপ অবস্থায় আপত্তিকর আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মাসিক বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তার আচরণ একজন শিক্ষকের পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত সংক্রান্ত বিধিমালা-১৯৭৯ অনুযায়ী এ ধরনের আচরণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের আওতায় পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত ও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত থাকবে।

এর আগে প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন বক্তব্য দিতে এবং অশোভন আচরণ করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

সূত্র জানায়, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে নজরে আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় প্রশাসনিক ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর