Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রেমের টানে চীন থেকে যশোর, ধর্ম বদলে তরুণীকে বিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১০:২২ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১০:২৫

যশোরের তন্দ্রা খাতুন এবং চীনের নাগরিক লি বিং।

যশোর: ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ও হাজারো মাইলের দূরত্ব পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে এসে যশোরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক লি বিং। বিয়ের আগে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন নবদম্পতি।

জানা গেছে, তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে। তিনি যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত।

তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম হ্যালো টকের মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে উইচ্যাটে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট মাসের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১৮ জুন লি বিং বাংলাদেশে আসেন। পরদিন সন্ধ্যায় পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে লি বিং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে তন্দ্রা স্বামীর সঙ্গে চীনে যাবেন বলে জানান।

লি বিং বলেন, তিনি চীনের বেইজিং শহরের বাসিন্দা এবং একটি স্মার্ট লক (তালা) প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাংলাদেশে এসে তিনি আন্তরিক পরিবেশ পেয়েছেন বলে জানান।

তার ভাষায়, বাংলাদেশের মানুষ, পরিবেশ এবং স্ত্রীর পরিবারের আতিথেয়তায় তিনি মুগ্ধ। বিয়ের পর নিজেকে খুব ভালো লাগছে বলেও উল্লেখ করেন।

তন্দ্রার মা শিউলি বেগম বলেন, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কের শুরু। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে লি বিং ইসলাম ধর্ম গ্রহণ করেন।

স্থানীয়দের ভাষ্য, তাদের এলাকায় আগে কখনো চীনের কোনো নাগরিক এসে বিয়ে করেছেন এমন ঘটনা ঘটেনি। এ কারণে চীনা জামাইকে একনজর দেখতে প্রতিদিনই তন্দ্রাদের বাড়িতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর