Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শ্রমবান্ধব বাজেট দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে: মেয়র শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২৩:৪৯

সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনবান্ধব, শ্রমবান্ধব ও বাস্তবসম্মত উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই বাজেট দেশের শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত বাজেটে শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রামের কৃতী সন্তান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের পরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

মেয়র বলেন, বন্ধ শ্রমিক কলকারখানা ও পাটকল পুনরুজ্জীবনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে, যা শিল্পখাতকে নতুন করে সচল করতে সহায়ক হবে। পাশাপাশি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

মেয়র আরও বলেন, হৃদরোগীদের চিকিৎসা সহজলভ্য করতে হার্টের রিং এর মূল্য কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। আগে উচ্চমূল্যের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারতেন না। তিনি বলেন, প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বিশাল বাজেট বাস্তবায়নে সরকার কর রাজস্ব থেকে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। অবশিষ্ট অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত। মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আবুল হাসেম বক্কর। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহেনেওয়াজ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর