Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২০:১০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

রংপুর: মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইনসহ ৬ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) দুপুর ১টা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

দুপুরে ইন্টার্ন চিকিৎসকেরা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হলে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ।

ডা. মিরাজ জানান, তাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসকদের মূল দাবিগুলো হলো— মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, কর্মস্থলে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা, ওভারটাইম ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান এবং আবাসিক সুবিধা ও চিকিৎসা সরঞ্জামের মানোন্নয়ন।

ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের দুই হাজারের বেশি রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকে প্রাথমিক সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে। জরুরি রোগীদেরও সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ন চিকিৎসকরা সেবা বন্ধ রাখায় বিকল্প উপায়ে চিকিৎসাসেবা সচল রাখার চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদি ধর্মঘট চললে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর