Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মামলা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৯:৩২

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মামলা

রাজবাড়ী: জেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক, হেলপার, সুপারভাইজার ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে বাসের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) ও হেলপার শাকিব হোসেনকে (২২) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ২৫ মিনিটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে থাকা ৩৭ থেকে ৪০ জন যাত্রী নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার জন্য যেতে থাকেন। এরই মধ্যে বাসের চালক বাসটি চালিয়ে পন্টুনের বামপাশে লোড হওয়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে না উঠে পন্টুনের মাঝ পকেটে থেমে থাকা করবী ফেরিতে ওঠে। এসময় চালক ওই ফেরির র‍্যাম্পে সজোরে ধাক্কা দিয়ে র‍্যাম্পের সিটকিনি ও শিকল ছিড়ে যাত্রীদের মালামালসহ বাসটি নদীতে ফেলে দেয়। বাসটি নদীতে পড়ার আগে হেলপার ও সুপারভাইজার লাফ দিয়ে নেমে যায়। আর চালক সাঁতরে পন্টুনের কাছে এলে স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনার কারণে করবী ফেরির র‍্যাম্প, ক্যাবল ও শিকল ছিঁড়ে এবং যাত্রীদের মালামাল ভিজে, নদীর পানিতে ডুবে ও খোয়া গিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, মামলার আসামি বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য অজ্ঞাতনামা আসামি বাসের পরিচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর