Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব চলবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৮:৪৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে অস্থায়ী কার্যালয়টির উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এখানে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতিও চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।’ এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরইমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর