Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশা চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৪:২৬

রাজবাড়ী: রাজবাড়ীতে সদর উপজেলার বিনোদপুর বিদ্যুৎ অফিসের সামনে ১১ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রানা (২৫) নামের এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেলে বিনোদপুর ঘাস বাজার এলাকায় রাজবাড়ী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সামনে এ ঘটনা ঘটে। আহত রানা নতুন বাজার এলাকার জালাল ব্যাপারীর ছেলে।

জানা গেছে, ঘটনার আগে রাজবাড়ীতে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। বৃষ্টি শেষে রিকশা চালক রানা যাত্রী নিয়ে ২ নম্বর রেলগেট হয়ে সদর খাদ্য গুদাম পার হয়ে যাওয়ার পথে ১১ হাজার ভোল্টেজের তার ছিঁড়ে রিকশার উপর পড়ে। রিকশার যাত্রীরা লাফ দিয়ে নেমে গেলেও তারটি রিকশা চালক রানার পায়ের উপর পড়ে। এতে তার দু পা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রানাকে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিদ্যুৎ অফিস সংলগ্ন দোকানদার শাজাহান বলেন, রিকশাটি যাত্রী নিয়ে রেলগেটের দিক থেকে আসছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে চালকের পায়ের উপর পড়ে। চালকের দু পা গুরুতর আহত হয়। আমরা কয়েকজন বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে তার সরিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আমরা তখনো ছেলেটির পরিচয় জানতে পারি নাই।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝে এখানে তারে সমস্যা হয়। বাতাস হলে ১১হাজার বিদ্যুতের তার একসঙ্গে হয়ে বিকট শব্দ হয়। বিদ্যুৎ অফিসের ভেতরে অনেক গাছ ছিল সেগুলো কেটে ফেলায় তারগুলো লুজ হয়ে গেছে। এতদিন বিদ্যুৎ অফিস থেকে কোনো সমাধান করেনি। আজ ঘটনা ঘটার পরই দেখা গেছে বিদ্যুতের তারগুলো কেটে ফেলতে। কিন্তু এতদিনে এই কাজটি করলে আজ এই ক্ষতিটা হতো না।

রাজবাড়ী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. রওশন আলী জানান, ঘটনা শোনার পরই আমি আমার অফিসের একজনকে পাঠিয়েছিলাম সদর হাসপাতালে তাকে দেখার জন্য। আমি জানতে পেরেছি তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর