Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে মেঝে-বারান্দায় চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ০০:২৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:০৫

বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জেলাতে হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা সদর হাসপাতালে চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডের অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই চিকিৎসা নিচ্ছেন। তীব্র গরমে এসব স্থানে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে।

সদর উপজেলার মাটিপাড়া থেকে আসা সুজন বলেন, ‘শুক্রবার রাতে স্ত্রীকে ভর্তি করালেও বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানের ব্যবস্থাও নেই, ফলে গরমে কষ্ট বেড়েছে।’

বিজ্ঞাপন

রিতু নামের আরেকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে কোনো জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, গত কয়েকদিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, ডায়রিয়া আক্রান্ত হলে শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ জরুরি। পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। রোগীর চাপ আরও বাড়লে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর