Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টেকনাফে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২২:৫১

কক্সবাজার: জেলার টেকনাফে পৃথক দুই অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) রাতে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার ‘উপরের বাজার’ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া থানার একটি মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র‍্যাব জানিয়েছে, ইদ্রিস টেকনাফ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

একই রাতে আরেকটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুব (৫৫) নামে আরেক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতার দুই আসামিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর