Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আলমডাঙ্গায় তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৪৪

ফিলিং স্টেশনে অভিযানের মুহূর্ত।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের সময় এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের ৫০০ টাকা জরিমানা করার ঘটনায় বিবৃতি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) জামাল আল নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত ওই পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল-সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয়, জরুরি সেবায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকরা ফিলিং স্টেশনগুলোতে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন। ওই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিকল্প লাইনে তেল নিচ্ছিলেন। তবে ১৬ এপ্রিল জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল নিতে গেলে ওই পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেলের সুষম বণ্টন নিশ্চিতকরণ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে।

এতে আরও উল্লেখ করা হয়, জরুরি পরিষেবার অংশ হিসেবে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ পুলিশ সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর