Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১০:৪৬

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো.রাজু (২৯) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের কামলা বাড়ির মো.সাখায়েত উল্যার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান। এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিক ভাবে জানা যায় ওই হেলপার ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যায়। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর