Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

উখিয়ায় ৩ হাজার লিটার এসিড জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২৩:২৬

কক্সবাজার: জেলার উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। জব্দকৃত এসিড ৩০ লিটারের ১০০টি জেরিকেনে সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা আলামত নিজেদের হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটির শাটার নামিয়ে তালাবদ্ধ করা হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার জন্য একটি জেরিকেন থেকে নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।

জব্দকৃত এসিডের মালিক হিসেবে আক্তার হোসেনের নাম পাওয়া গেছে। তিনি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ভবন মালিকসহ অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর