Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গোমতী নদীর পাড়ে কৃষিমন্ত্রীর ইফতার, নদী দূষণ রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ০৮:৩৮

কুমিল্লা: কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর পাড়ে স্থানীয় মানুষের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। এ সময় তিনি নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শনিবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা গোমতী নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নদীর তীরেই স্থানীয় বাসিন্দা ও তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন তিনি।

নদী পরিদর্শনকালে কৃষিমন্ত্রী বলেন, গোমতী শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নদীতে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় কৃষিমন্ত্রী নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরিবেশ সংরক্ষণ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এবং তাদের উদ্যোগকে সাধুবাদ জানান।

এছাড়াও গোমতী নদীর চরে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের কার্যক্রম নদীর স্বাভাবিক গঠন ও পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর