Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪

আসামি শিখন।

রাজবাড়ী: জেলায় পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আরেক আসামি শিখনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত শিখন রাজবাড়ী লক্ষ্মীকোলের সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাওনা টাকার জেরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামিরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত জাহিদের বাবা গত ১৮ ফেব্রুয়ারি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকার কাছে একটি অভিযানপত্র দেন।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেফতার করা হয়।

এর আগে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে (২৮) শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর