Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে: ডা. জাহিদ হোসেন

লোকাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

হিলি: দিনাজপুরের হাকিমপুর-হিলির সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুরের বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হিলির উন্নয়নে পাঁচটি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হিলি রেলস্টেশনের আধুনিকায়ন, হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

বিজ্ঞাপন

তিনি জানান, রেলস্টেশন আধুনিকায়নের মাধ্যমে যাত্রীসেবা ও পণ্য পরিবহন ব্যবস্থার সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও গতিশীল করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

মাদক প্রতিরোধকে ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কোনো দুষ্কৃতকারী যাতে অপকর্ম করে সরকারের ওপর দায় চাপাতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্থানীয়দের শুভেচ্ছা জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, শিগগিরই আবার দীর্ঘ সময় নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হবে এবং আগামী রমজানে তাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর