Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এক বিবৃতিতে বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এটি ভাষা শহিদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।’

এ সময় জামায়াতের আমির দেশবাসী ও তার দলের উদ্দেশে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর