Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সালমানের ব্যক্তিগত ভিডিও ফাঁসে তোলপাড় নেটদুনিয়ায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ মে ২০২৬ ১৯:৩৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড মেগাস্টার সালমান খানের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটিতে সালমান খানকে তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেতে দেখা যাচ্ছে। ফুটেজটি অত্যন্ত গোপনে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা নেটপাড়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল এই ভিডিওতে সালমান খানকে কিছুটা ক্লান্ত ও পরিশ্রান্ত দেখাচ্ছিল। ক্লিপটিতে তাকে খাবার খাওয়ার সময় কিছুটা অন্যমনস্ক ও চোখ বুজে থাকতে দেখা গেছে। এ দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ নানামুখী মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করছেন, ওই সময় অভিনেতা মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই দাবির কোনো সত্যতা মেলেনি।

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সালমানের অগণিত ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে, তারকা হলেও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা জরুরি। অনেকে প্রশ্ন তুলেছেন, নিজের ঘরে বা ব্যক্তিগত পরিসরে ডিনার করা যদি কোনো আলোচনার বিষয়বস্তু হয়, তবে তা চরম অসভ্যতা। ভিডিওটি গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়াকে অনেকে নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন।

ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সালমান খান দীর্ঘ সময় ধরে নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। তার ওপর মানসিক চাপের বিষয়টাও অস্বীকার করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে তার ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে আনা অনৈতিক। অনেকেই একে পাপারাজ্জি সংস্কৃতির নিম্নতম পর্যায় হিসেবে আখ্যা দিয়েছেন।

এর আগেও সালমান খানের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে, যা নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন। সেই ঘটনায় ছবি শিকারীরা ক্ষমা চাইলেও এবার বিষয়টি আরও বড় রূপ নিয়েছে। বর্তমানে এই বিষয়ে বলিউড ভাইজান কিংবা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে বিতর্কিত এই ভিডিওর বাইরে সালমানের ক্যারিয়ার নিয়ে নতুন খবরও রয়েছে। তিনি বর্তমানে পরিচালক ভামসি পাইদিপল্লির নতুন একটি অ্যাকশনধর্মী সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। সব মিলিয়ে ভিডিও বিতর্ক ছাপিয়ে এখন তার নতুন সিনেমার দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর