Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬ ১৭:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:২৩

চিত্রনায়িকা পূজা চেরি

প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাবা দেবু প্রসাদ রায়ের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। ২৬ এপ্রিল (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি এই পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পূজা চেরি স্পষ্টভাবে জানিয়েছেন, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে মিডিয়াতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং নিজের জীবনযাপনের ব্যয় নিজেই বহন করেন। তিনি উল্লেখ করেন, তার বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা অর্থনৈতিক লেনদেনের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নন।

বিজ্ঞাপন

একজন শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়ে পূজা চেরি বলেছেন, পরিবারের সদস্য হওয়ার সূত্রে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। তিনি আশা প্রকাশ করেন যে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই সাথে তিনি অনুরোধ জানান, যেন এই আইনি ঘটনার সাথে অহেতুক তাকে বা তার কাজকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো না হয়।

প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে এই বিশাল অঙ্কের অর্থ গ্রহণ করা হয়। মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৮ এপ্রিলের এই আদেশের বিষয়টি ২৫ এপ্রিল প্রকাশ্যে আসে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর