Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাকিস্তানি অভিনেত্রী রামশা খানের বিয়ের আড়ালে যা কিছু

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬ ১৬:২৫

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন আর ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। সহ-অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার খবরটি বিনোদন জগতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে রামশা নিজেই এই ঘোষণা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তবে এই আনন্দের খবরের পাশাপাশি এক ধরণের রহস্যময় আভা বজায় রেখেছেন তিনি। বিয়ের ঘোষণা এলেও এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে নিজেদের কোনো ছবি এখনো প্রকাশ করেননি।

এদিকে রামশা ও খুশালের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সেই গুঞ্জনের আগুনেই যেন ঘি ঢেলে দেয় ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবি। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, অত্যন্ত ঘরোয়া ও পারিবারিক আবহে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। ছবিতে খুশাল খানকে দেখা যায় সাদা পাজামা-পাঞ্জাবিতে, অন্যদিকে রামশা খান সেজেছিলেন হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজে। তার মাথায় ছিল একটি সবুজ রঙের বেনারসি ওড়না, যা তার সাধারণ অথচ স্নিগ্ধ সাজে অনন্য মাত্রা যোগ করেছিল।

বিজ্ঞাপন

তবে জীবনের এই শুভ ক্ষণে এসে ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ায় বেশ বিরক্ত রামশা খান। নিজের অগোচরে বিয়ের ছবি ভাইরাল হওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে রামশা সাফ জানিয়েছেন, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করা যেমন অনৈতিক, তেমনি তা অন্যের একান্ত যাপনে হস্তক্ষেপ করার নামান্তর। বিয়ের আনন্দ প্রকাশ করলেও নিজের ব্যক্তিগত সীমানা নিয়ে এই অভিনেত্রীর কড়া অবস্থান এখন টক অফ দ্য টাউন। নতুন এই জুটির আগামীর পথচলা সুন্দর হোক, এমন শুভকামনাই এখন সবার মুখে মুখে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর