Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৫:৫৫

ক্রিকেটের রাজপুত্র হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর সেই বিতর্কিত সাবেক অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

গতকাল সাকিবের ৩৯তম জন্মদিনে পলাশ নিজের ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাকে ‘গোট’ বা সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ভক্তদের ভালোবাসার বদলে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্যের পাহাড়। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে সাকিবের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, তার আঁচ এবার সরাসরি এসে লেগেছে পলাশের গায়ে। নেটিজেনদের বড় একটি অংশ সাকিবের রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনের সময় তার ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে পলাশকে রীতিমতো তুলোধোনা করছেন।

বিজ্ঞাপন

পলাশের সেই পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল বেশ স্পষ্ট। কেউ তাকে ‘স্বৈরাচারের দোসর’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ তাকে ‘জুয়াড়ির বন্ধু’ বলে কটাক্ষ করেছেন। অনেক ভক্ত আক্ষেপ করে লিখেছেন যে, পলাশের অভিনয় তারা পছন্দ করলেও একজন ‘দেশদ্রোহী’ বা ‘খুনীদের সমর্থক’ হিসেবে পরিচিত ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে শুভেচ্ছা জানানো তারা মেনে নিতে পারছেন না। বিশেষ করে ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য’ এমন নীতিবাক্য মনে করিয়ে দিয়ে অনেক অনুসারী পলাশের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও বিসিবি পরিচালক আসিফ আকবরসহ ক্রীড়াঙ্গনের অনেকেই সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু বিনোদন জগতের তারকা হিসেবে পলাশের পোস্টটিই সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের জনপ্রিয়তা এবং ভক্তদের আবেগে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর