Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মন্তব্য থেকে মামলা, আদালতের পথে রণবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭

বলিউড তারকা রণবীর সিং আবারও আলোচনায়, তবে এবার নতুন সিনেমা নয়, আইনি জটিলতা ঘিরে। কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্য ও বহুল আলোচিত কান্তারা-২ প্রসঙ্গে এক মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার এফআইআর বাতিল চেয়ে তিনি দ্বারস্থ হয়েছেন কর্ণাটক হাইকোর্ট-এর।

বিতর্কের সূত্রপাত গত বছরের ২৮ নভেম্বর, গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-এর সমাপনী অনুষ্ঠানে। সেখানে রণবীরের একটি পরিবেশনা ও বক্তব্য ঘিরে আপত্তি তোলেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল। অভিযোগ, তিনি পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি অনুকরণ করেন এবং ‘চাভুন্ডি দৈব’ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বিজ্ঞাপন

উপকূলীয় কর্নাটকে ‘চাভুন্ডি দৈব’ দেবীশক্তির প্রতীক হিসেবে পূজিত হন। অভিযোগকারীর দাবি, পবিত্র এই ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখেই বিষয়টি সামনে আসে বলে জানা গেছে।

পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। আগামী ৮ এপ্রিল শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।

আইনি জটিলতা থেকে মুক্তি পেতেই উচ্চ আদালতে আবেদন করেছেন রণবীর। তার পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বলিউড মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তারকারা যখন সাংস্কৃতিক বা ধর্মীয় প্রসঙ্গে মন্তব্য করেন, তখন তার অভিঘাত কত দূর পর্যন্ত গড়াতে পারে, সেই প্রশ্নই যেন আবার সামনে এল।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর